ভারতের রাজধানী দিল্লির রোহিণী এলাকায় সিআরপিএফ স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণে স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বর্তমানে ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ সন্ধান করছেন।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি বাড়িতে ছিলাম। হঠাৎ এক বিকট শব্দ শুনেছি। বাইরে বের হয়ে দেখি আকাশে কালো-সাদা ধোঁয়া। রোববার সকাল ৭টা ৪৭ মিনিটে প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলে বিস্ফোরণ ঘটে।
সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করতে আমরা ফরেনসিক বিশেষজ্ঞদের ডেকেছি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে স্কুলের সামনে রাখা গাড়ির কাঁচ ভেঙে গেছে এবং এলাকার দোকানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।








