ইউরোপের দেশ স্পেনে নথিহীন অভিবাসীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর এসেছে। দেশটির সরকার ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে, যার আওতায় প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী বৈধতার জন্য আবেদন করার সুযোগ পাবেন।
আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এই সিদ্ধান্ত অনুমোদন করে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ জুন পর্যন্ত।
এই কর্মসূচির আওতায় নির্ধারিত শর্ত পূরণ করলে আবেদনকারীরা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন, যা পরবর্তীতে নবায়নযোগ্য। আবেদন করতে হলে অবশ্যই চলতি বছরের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে, অন্তত পাঁচ মাস অবস্থানের প্রমাণ দিতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।
সরকারের হিসাবে প্রায় পাঁচ লাখ মানুষ এই সুবিধা পেতে পারেন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এই উদ্যোগকে ‘ন্যায়সঙ্গত ও সময়োপযোগী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে পেদ্রো সানচেজ বলেন, অভিবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তবে সিদ্ধান্তটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কও দেখা দিয়েছে। বিরোধী দল এই উদ্যোগকে অযৌক্তিক বলে সমালোচনা করেছে। একই সঙ্গে প্রশাসনের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছে, বিপুলসংখ্যক আবেদন সামাল দিতে পর্যাপ্ত প্রস্তুতি নেই।







