‘শুধু আপনার বাবার কবরে দেন’, পুলিশ কর্মকর্তার কথায় ক্ষুব্ধ সোহেল তাজ

ছবি: সংগৃহীত
জাতীয় চার নেতা হত্যা দিবসে বাবা তাজউদ্দীন আহমদের কবর জিয়ারত করতে গিয়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুলের পাপড়ি দিতে বাধা পাওয়ার অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, দেশ কি কখনো এ ধরনের ‘জঘন্য মানসিকতা’ থেকে বের হতে পারবে না?
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সোহেল তাজ।
পোস্টে তিনি লেখেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। দিনটি তার বাবা তাজউদ্দীন আহমদের ৫১তম শাহাদাতবার্ষিকী।
বনানী কবরস্থানে বাবার কবর জিয়ারত করতে গিয়ে শৈশবের স্মৃতিচারণ করেন সোহেল তাজ। তিনি লেখেন, ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রতি বছর মায়ের সঙ্গে সেখানে যেতেন। বাবার কবরে যাওয়ার পথে তার মা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতেন।

সোহেল তাজ জানান, আজও মায়ের মতো বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুলের পাপড়ি দিতে গেলে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা তাকে অনুরোধ করে বলেন, ‘স্যার, শুধু আপনার বাবার কবরে দেন।’
এ কথা শুনে স্তম্ভিত হয়ে যান বলে পোস্টে উল্লেখ করেন সোহেল তাজ। তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা কি কোনোদিন এই জঘন্য মানসিকতা থেকে বের হয়ে আসতে পারব না?’
পোস্টে তিনি আরও লেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে ঘিরে ‘নোংরা রাজনীতি’ করা হয়েছিল। তিনি আশা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশকে এ ধরনের রাজনীতির সংস্কৃতি থেকে বের করে আনবে।





