পর্দায় অমিতাভ থাকা মানেই সেটা বিশেষ কিছু, এমনটাই মানেন ভক্তরা। তিনি সবকিছুতেই পারদর্শী। বলিউডের এই ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ৮১-তেও ঝড় তুলছেন পর্দায়। তবে ৮১ বছর বয়সেও কেন কাজ করেন তিনি, এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে হরহামেশাই।
রবিবার অমিতাভ বচ্চন তার ব্লগে একটি লম্বা নোট লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন এই বয়সেও পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার পেছনের কারণ।
তিনি লিখেছেন, ‘তারা আমাকে কাজের সেটে এই বয়সেও কাজ চালিয়ে যাওয়ার পেছনের কারণ জিজ্ঞেস করেন…আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। শুধু বলতে পারি, এটা আমার জন্য আরেকটি সুযোগ। এছাড়া আর কী কারণ থাকতে পারে…অন্যদের নিজস্ব মূল্যায়ন থাকে, যুক্তি থাকে। আমার জুতায় হেঁটে দেখুন এবং কারণ খুঁজে বের করুন.. হয়তো আপনি সঠিক.. হয়তো না.. আপনাদের ভাবার স্বাধীনতা আছে আর আমার কাজের স্বাধীনতা আছে।”
অমিতাভ আরও বলেন, “আমার কাজ আমাকে দেওয়া হয়.. যখন এটি আপনাকে দেওয়া হবে, তখন সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন.. আমার কারণগুলোর সাথে আপনি একমত নাও হতে পারেন..’
অমিতাভ জিজ্ঞেস করেছেন, ‘আমি কাজ করছি…লম্বা সময় ধরে…কোনো সমস্যা হচ্ছে? না হলে কাজ করুন।’
অমিতাভ বচ্চন বর্তমানে ব্যস্ত আছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬ তম সিজন নিয়ে। তাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। এরপর অভিনেতাকে দেখা যাবে রজনীকান্তের সঙ্গে ‘ভেত্তাইয়া’ ছবিতে। চলতি বছরের অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস







