বিনোদনের স্মার্ট দুনিয়ার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’ মুক্তির তিন দিনেই ব্যাপক সাড়া ফেলেছে। সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। সাইন্স, রোমান্স, রহস্যের ঘেরা এই সিরিজটি দেখে মুগ্ধ হচ্ছে দেশ ও বিদেশের দর্শক।
দর্শকদের সাড়া সিরিজটির নাম ফেসবুক ট্রেন্ডিংয়ে উঠে এসেছে, যা প্রতিবেদন লেখার সময়ও দেখা গেছে। শুধু তাই নয়, সিরিজটি জায়গা করে নিয়েছে গুগল টপ চার্টের সেরা দশেও!
জানা গেছে, বিনোদন ক্যাটাগরিতে গুগল টপ চার্টের সেরা দশের মধ্যে সপ্তম স্থানে অবস্থান করছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। কর্তৃপক্ষ বলছে, সদ্য মুক্তি পাওয়া ‘আমি কী তুমি’ সিরিজটি দেখতে দর্শকদের অভাবনীয় সাড়ার কারণেই এটি সম্ভব হয়েছে।
এ বিষয়ে আইস্ক্রিনের প্রকল্প পরিচালক চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘এই রিজিওনে গুগলের টপ টেন অ্যাপসের মধ্যে সপ্তম স্থানে অবস্থান করছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। এত অল্প সময়ে এই অবস্থানে আসা একটি নতুন প্লাটফর্মের জন্য অবশ্যই একটা বড় অর্জন।’
তিনি আরও বলেন, ‘‘আমি কী তুমি’ সিরিজটি মুক্তির পর দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা প্রতিনিয়তই এর ভিউ দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ আমাদের প্লাটফর্মটি সাবস্ক্রাইব করছেন এবং ‘আমি কী তুমি’ দেখছেন। দেশের বাইরে থেকেও দেখার জন্য অনেকেই সাবস্ক্রিপশন করার চেষ্টা করছেন, তাদের পেমেন্ট সংক্রান্ত কিছু সমস্যা হচ্ছে যেটা আমরা অতি শীঘ্রই সমাধানের চেষ্টা করছি।’
৮ পর্বের ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, জুনায়েদ বোগদাদি, শ্যামল মাওলা।
এছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, তৌহিদা তাসনিম তিফা প্রমুখ।







