সম্প্রতি লোন স্টার টিক নামক একটি ছোট পোকার কামড় থেকে অ্যালার্জিতে ভুগছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। দিন দিন দেশটিতে বাড়ছে আক্রান্তের হার। অ্যালার্জিজনিত এই রোগের নাম আলফাগ্যাল সিনড্রোম। এই রোগ থেকে তৈরি হতে পারে মৃত্যু ঝুঁকি। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ৪ লাখ ৫০ হাজার মানুষ আলফাগ্যাল সিনড্রোমে ভুগছেন বলে ধারণা করছেন গবেষকরা।
বিবিসি জানিয়েছে, গত ২৭ জুন বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা তাদের একটি নতুন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) দ্বারা প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার করে বেড়েছে।
আলফাগ্যাল সিনড্রোম,
আলফাগ্যাল সিনড্রোম একটি অ্যালার্জিজনিত রোগ। লোন স্টার টিক নামক একটি পোকার লালায় আলফাগ্যাল নামক একটি উপাদান শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা এই পোকার লালার মধ্যে থাকা আলফাগ্যাল নামক উপাদান কোনও ভাবে মানুষের শরীরে প্রবেশ করলে যে কেউ আলফাগ্যাল সিনড্রোমে আক্রান্ত হতে পারে।
যেভাবে আলফাগ্যাল সিনড্রোমে আক্রান্ত হতে পারে মানুষ,
লোন স্টার টিক পোকার কামড় থেকে সরাসরি আলফাগ্যাল সিনড্রোমে আক্রান্ত হতে পারে যে কোনও ব্যক্তি। এছাড়াও এই রোগে আক্রান্ত পশুর মাংস খেলে তা থেকেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কিছু খাবার যেমন- শূকর, গরু, খরগোশ, ভেড়া ও হরিণের মাংস, জিলেটিন, দুধ, দুগ্ধজাত পণ্যে লোন স্টার টিক পোকার লালায় থাকা আলফাগ্যাল নামক উপাদান থাকতে পারে।
আলফাগ্যাল সিনড্রোমের লক্ষণ,
আলফাগ্যাল সিনড্রোমে আক্রান্ত হলে, পেটে ব্যথা, ডায়রিয়া, আমবাত, শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং মারাত্মক অ্যালার্জিজনিত জটিলতা বা অ্যানাফিলাক্সিস দেখা দিতে পারে। তবে অনেকের দেহে আলফাগ্যাল সিনড্রোমের লক্ষণ দেখা নাও যেতে পারে। বেশি সময় ধরে মাংস হজমে বেশি সময় লাগলে এই অ্যালার্জিক লক্ষণগুলো ধরা বেশ কঠিন হতে পারে।
আলফাগ্যাল সিনড্রোমের প্রভাব,
আলফাগ্যাল সিন্ড্রোমের প্রভাব ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হতে পারে। রোগটি হালকা থেকে গুরুতর এমনকি প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। মানুষের শরীরের একাধিক অর্গানে এই রোগ প্রভাব বিস্তার করতে পারে। গুরুতর ভাবে আক্রান্ত রোগীর জরুরী চিকিৎসা এবং যত্নের প্রয়োজন হতে পারে। তবে আলফাগ্যাল আক্রান্তদের সবার ক্ষেত্রে লক্ষণগুলো প্রকাশ পায়না বলে অনেকে জানেনা যে তিনি আক্রান্ত।
আলফাগ্যাল প্রতিরোধের উপায়,
রোগের বাহক লোন স্টার টিক নামক পোকাসহ অন্যান্য পোকা মাকড়ের বিস্তার রোধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ ঢেকে রাখার এবং নিয়মিত হেলথ চেকআপের পরামর্শ দিয়েছেন তারা। এছাড়াও ডিইইটি বা পারমেথ্রিন নামক রাসায়নিক দিয়ে পোশাকের প্রি-ট্রিট করতে বলছেন তারা।
রোগের বাহক লোন স্টার টিক নামক পোকা সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অংশের গরম অঞ্চলে বেশি দেখা যায়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে তাদের পরিসর বিস্তৃত হচ্ছে এবং দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে এই পোকা।







