যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাছির কামড়ে দুই হাত এবং দুই পায়ের কিছু অংশ হারাতে হয়েছে মাইকেল কোহলহফ নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে।
এনডিটিভি জানায়, কামড় খাওয়ার পর কোহলহফ গত মাসে জ্বর এবং পেট খারাপসহ মাছির কামড়ের কারণে হওয়া ফ্লুর মতো লক্ষণ দেখতে শুরু করে। এর এক সপ্তাহ পরে তার অবস্থা আরও দ্রুত খারাপ হতে থাকে।
কোহলহফের ভাই গ্রেগ জানান, জুনের শেষের দিকে বিছানা থেকে উঠতে পারছিলেন না তিনি। পরে তাকে সান আন্তোনিওর একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপরেই তিনি ‘সেপটিক শক’ এর স্বীকার হলে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তরিত করা হয়। এসময় তাকে অনেকগুলো অ্যান্টিবায়োটিক দেওয়া এবং ডায়ালাইসিস করা হয়।
এর কয়েক সপ্তাহের মধ্যে শুকনো গ্যাংগ্রিনের কারণে তার দুই পায়ের আঙ্গুল এবং দুই হাতের বাহু পর্যন্ত কেটে ফেলা হয়। কারণ তার নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গে রক্ত সঠিকভাবে পৌঁছাচ্ছিল না। চিকিৎসকরা বলছেন, এটি ব্যাকটেরিয়াল সংক্রমণ ‘টাইফাস’ এর কারণে হয়েছিল, যা সংক্রামিত মাছির মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিডিসি অনুসারে, বিশ্বব্যাপী ২৫০০টিরও বেশি মাছির প্রজাতি রয়েছে, যার মধ্যে ৩০০টিরও বেশি প্রজাতি যুক্তরাষ্ট্রে রয়েছে। তবে শুধুমাত্র কয়েকটি মাছিই মানুষকে আক্রমণ করতে পারে।







