বহু প্রতীক্ষার পর আলিয়া ভাট অবশেষে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হলেন এবং রেড কার্পেটে তার সাজ মুহূর্তেই সবার নজর কেড়ে নেয়। উদ্বোধনের দিন ১২ মে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করেন তিনি ভারতীয় হিসেবে। রিয়া কাপুরের স্টাইলিংয়ে তামারা রাল্ফের ডিজাইন করা একটি পিচ রঙের ক্যুচার গাউনে হাজির হয়েছিলেন আলিয়া। বেশ স্নিগ্ধ-মার্জিত রূপে ধরা দিয়েছেন।
আলিয়ার স্ট্র্যাপবিহীন গাউনটিতে রয়েছে সুইটহার্ট নেকলাইন। পোশাকটি থেকে ঝুলে থাকা নরম শিফনের ড্রেপগুলো এনেছিল নাটকীয়তা, যা রেড কার্পেটে হাঁটার জন্য দুর্দান্ত মানানসই।
আলিয়া তার সাজ সম্পূর্ণ করেন একটি নজরকাড়া প্রবাল ও হিরার নেকলেস দিয়ে, যেটিতে পীচ রঙের জেমস্টোন বসানো ছিল, আর একটি ড্রপ পেনডেন্ট। যা গাউনটির সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে গিয়েছিল। অন্যদিকে মেকআপের ক্ষেত্রে অভিনেত্রী পিচ-গোলাপি আভা, হালকা শিমার এবং ন্যুড গ্লসি লিপস ব্যবহার করেন।
আলিয়ার আগের কানের লুকটি ছিল ডিজাইনার যশ পাটিলের ‘দ্যাট অ্যান্টিক পিস’ কালেকশন থেকে স্প্যাগেটি স্ট্র্যাপ এবং সুইটহার্ট নেকলাইন-সহ স্ট্রাকচার্ড করসেট-স্টাইলের বডি গাউন। গাউনটির সঙ্গে শোপার্ডের সূক্ষ্ম গয়না বেছে নিয়েছিলেন আলিয়া। ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এই নিয়ে দ্বিতীয় বছর কানে উপস্থিত হলেন অভিনেত্রী।







