শুক্রবার (৪ অক্টোবর) ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে সানবার্ন ফেস্টিভ্যাল। যেই আসরে এবার হাজির হয়েছেন গ্র্যামি পুরস্কারজয়ী ডিজে অ্যালান ওয়াকার। সেই শোতেই মুক্তির অপেক্ষায় থাকা নিজের পরবর্তী সিনেমার প্রমোশনে হাজির হলেন আলিয়া ভাট।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘আলফা’ অভিনেত্রীর নানা মুহূর্তের ছবি। শুধু তাই নয়, এদিনের সঙ্গীতের মঞ্চে অনুরাগীদের সঙ্গে কন্নড় ভাষায় অভিবাদন করেন আলিয়া৷ যা দেখে মুগ্ধ নেটপাড়া।
এদিন আলিয়াকে দেখা গেছে, অফ-শোল্ডার ব্লু রঙের টপ, সঙ্গে ম্যাচিং স্কার্টে ৷ সানবার্ন ফেস্টিভ্যালের ইন্সটাগ্রাম পেজে আলিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করার বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে ৷ কোনটায় তাকে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী ডিজে আলানের ওয়াকারের সঙ্গে, আবার কোনটায় রকমুডে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এছাড়াও অনুষ্ঠানের পর বেশ কিছু অনুরাগীদের সঙ্গে ব্যাকস্টেজে ছবিও তোলেন আলিয়া৷
মুক্তির অপেক্ষায় থাকা ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই আলিয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর পর এই রকম মারকাটারি আলিয়াকে দেখে ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা বাড়ছে৷
এই ছবিতে আলিয়ার চরিত্রের নাম সত্যা ৷ তার ভাই অঙ্কুরের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। ট্রেলারের পরতে পরতে রয়েছেন উত্তেজনা। যেখানে বিভিন্ন বিপদ থেকে ভাইকে বাঁচানোর জন্য দিদির আপ্রাণ চেষ্টা, ২ মিনিটের সেই ট্রেলারের ঝলক সিনেমা দেখার তেষ্টা যেন আরও বাড়িয়ে দিয়েছে৷ আগামী ১১ অক্টোবর দূর্গাপূজা উপলক্ষ্যে মুক্তি পাবে প্যান-ইন্ডিয়ান এই ছবি। –ইন্ডিয়ান এক্সপ্রেস








