যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব-২১ দলকে সংবর্ধনার পাশাপাশি বিমানবাহিনী ও হকি ফেডারেশনের পক্ষ থেকে অর্থ পুরস্কার দেয়া হয়েছে। অনূর্ধ্ব-১৮ হকি এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জয়ী নারী দলকেও দেয়া হয়েছে সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বিমানবাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে সোমবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হকির যেকোনো পর্যায়ে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই চ্যালেঞ্জার ট্রফি জয় করা ঘিরে এ আয়োজন।
ছেলেদের বৈশ্বিক আসরে এটি লাল-সবুজদের সর্বোচ্চ সাফল্য। সঙ্গে সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে ব্যক্তিগত একটি পালকও। আসরে ৬ ম্যাচে পাঁচ হ্যাটট্রিকে মোট ১৮ গোল করে বাংলাদেশের আমিরুর ইসলাম জিতেছেন বিশ্বআসরটিতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
বাংলাদেশ বিমানবাহিনী ও হকি ফেডারেশনের পক্ষে অনূর্ধ্ব-২১ হকি দলকে দেয়া হয় ৬০ লাখ টাকার চেক। এরমধ্যে বিমানবাহিনীর পক্ষে ২০ ও ফেডারেশনের পক্ষে দেয়া দেয়া হয় ৪০ লাখ টাকা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুলকে দেয়া হয় ৫ লাখ টাকার চেক।
ব্রোঞ্জ পদক জয়ী অনূর্ধ্ব-১৮ নারী হকি দলকেও জানানো হয়েছে সংবর্ধনা। দলের সদস্যদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশন সভাপতি। অনুষ্ঠানে হকিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।








