দীর্ঘ ২৮৬ দিন বন্ধ থাকার পর টেকনাফ থেকে ৬১০ জন যাত্রীসহ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে পর্যটকবাহী দুইটি জাহাজ, এমভি পারিজাত ও এমভি রাজহংস।
শুক্রবার ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ দুটি ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে জাহাজগুলো দ্বীপে পৌঁছার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অধিদপ্তর, দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়। সেই আলোকে আজ শুক্রবার সকাল থেকে দুটি জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয় এবং আগামীকাল শনিবার থেকে লাইসেন্স ও ফিটনেস আছে এমন সকল জাহাজ চলবে।
এ ক্ষেত্রে জাহাজ কর্তৃপক্ষকে কিছু শর্ত দেয়া হয়েছে তা না মানলে জাহাজ চলাচলের অনুমতি বাতিল করা হবে।
সী-ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতারা জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৯টায় টেকনাফ থেকে দু’টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ওই দু’টি জাহাজে করে প্রথম দিন সেন্টমার্টিন যাচ্ছেন প্রায় ৭ শতাধিক পর্যটক।
২০২২ সালের ৩০ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাক চলাচল বন্ধ ছিলো। প্রায় ৯ মাস পর খুললো এই নৌরুট।







