সেন্টমার্টিনে ট্রলার থেকে মালয়েশিয়াগামী ৬৫ জনকে উদ্ধার
আটক ১১

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ উপকূলের গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ট্রলার থেকে ১১ মানব পাচারকারী আটক এবং মালয়েশিয়াগামী নারী সহ ৬৫ ভুক্তভোগী উদ্ধার করেছে নৌবাহিনী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নৌবাহিনীর সদর দপ্তরের গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাতে টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের লাইট হাউজ এলাকা থেকে আনুমানিক ৮১ মাইল দূরের সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামক একটি ট্রলারের লোকজন কিছুটা দূরবর্তী এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় একটি ট্রলার দেখতে পায়। এসময় সহায়তার জন্য ভাসতে থাকা ট্রলারের কাছে গেলে সেখানকার কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে মাছ ধরার কাজে নিয়োজিত ট্রলারটির লোকজন বিষয়টি নৌবাহিনীকে অবহিত করে।
খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান ট্রলারটি থেকে ৭৬ জনকে উদ্ধার করে। এসময় ট্রলারটিতে পানি প্রবেশ করতে থাকায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার হওয়া ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তা প্রদান করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে নৌবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উদ্ধারদের মধ্যে ১১ জন মানবপাচারকারী চক্রের সদস্য এবং অপর ৬৫ জন মালয়েশিয়াগামী ভুক্তভোগী। ভুক্তভোগীদের অধিকাংশই মানবপাচারকারী চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম পাহাড়ী এলাকায় আটক ছিল।
ভুক্তভোগীদের স্বজনদের কাছে হস্তান্তর এবং আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।






