টি-টুয়েন্টিতে চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে আফগানিস্তানের বিপক্ষে বেশ লড়তে হচ্ছে বাংলাদেশকে। পাওয়ার প্লেতে ওপেনার রনি তালুকদার ও তিনে নামা নাজমুল হোসেন শান্তর পর আরেক ওপেনার লিটন দাস ও দারুণ খেলতে থাকা সাকিবকে হারিয়েছে টিম টাইগার্স।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৭৯ রান। ১৩ বল খেলে ১৫ রানে তাওহিদ হৃদয় এবং ৬ বলে ৭ রানে অপরাজিত আছেন শামীম পাটোয়ারি।
অষ্টম ওভার চলাকালীন বৃষ্টিতে কিছুটা সময় খেলা বন্ধ ছিল। পরে আবার খেলা শুরু হয় ওভার না কেটেই। নবম ওভারের দ্বিতীয় বলে আফগান পেসার ফরিদ মালিকের বলে প্রথম চারের দেখা পান অধিনায়ক সাকিব আল হাসান। চতুর্থ বলে আবারও বাউন্ডার হাঁকান এ বাঁহাতি।
রানরেটের চাপে কিছুটা আক্রমণাত্মক খেলা শুরু করেন সাকিব। এ সময় আফগান অধিনায়ক রশিদ খানের বলে দারুণ একটি চার মারেন। কিন্তু পরের ওভারেই কাটা পড়েন ফরিদের বলে, করেন ১৭ বলে ১৯ রান।
সাকিবের আউটের পর আসেন শামীম পাটোয়ারি। প্রথম বলেই তার বিপক্ষে লেগ বিফোরের আবেদন করে আফগান দল। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি। ওই ওভারেই ফরিদকে ছক্কা হাঁকান হৃদয়।
এরআগে, বৃষ্টির শঙ্কা, কার্টেল ওভারের সম্ভাবনা মাথায় রেখে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। নির্ধারিত ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান।








