ইব্রাহিম জাদরানের ইতিহাস গড়া ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়েছিল আফগানিস্তান। রানতাড়ায় জো রুটের সেঞ্চুরিতে জয়ের কাছাকাছি পৌঁছেছিল ইংল্যান্ড। বাধা হয়ে দাঁড়িয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। আফগান পেসার পাঁচ উইকেট শিকার করেছেন। আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। অন্যদিকে সেমির দৌড়ে টিকে থাকল আফগানবাহিনী।
আসরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ইংল্যান্ড। আফগানিস্তান হেরে যায় সাউথ আফ্রিকার কাছে। সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুদলই ১ পয়েন্ট করে পেয়েছে। দুদলেরই তিন পয়েন্ট করে হওয়ায় সেমির দৌড়ে এগিয়ে আছে। টিকে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না আফগানিস্তান ও ইংল্যান্ডের। আফগানরা পরীক্ষায় উতরে গেছে, তাতে বিদায় নিতে হচ্ছে ইংলিশদের।
লাহোরে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩২৫ রানের সংগ্রহ গড়ে। জবাবে ইনিংসের ১ বল বাকি থাকতে ৩১৭ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।
রানতাড়ায় ইংলিশদের শুরুটা ভালো হয়নি। ৩০ রানে টপঅর্ডারের দুই ব্যাটার হারায় তারা। পরে জো রুট ও বেন ডাকেট হাল ধরেন। দলীয় ৯৮ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। ডাকেট ফিরে যান ৪৫ বলে ৪৮ রান করে। ১৩৩ রানে হ্যারি ব্রুক ফিরে যান ২১ বলে ২৫ রান করে।
একপ্রান্ত আগলে রাখা রুট দলকে এগিয়ে নেন জস বাটলারকে সঙ্গী করে। পঞ্চম উইকেটে দুজনে মিলে তোলেন ৮৩ রান। দলীয় ২১৬ রানে বাটলার ফিরে যান। ৪২ বলে ৩৮ রান করেন ইংলিশ অধিনায়ক। ২৩৩ রানে লিয়াম লিভিংস্টোন ফিরে যান ৮ বলে ১০ রান করে। সপ্তম উইকেটে জেমি ওভেরটনকে নিয়ে ৫৪ রান যোগ করেন রুট। ৪৫.৫ ওভারে ২৮৭ রানে রুট ফিরে যান। ১১টি চার ও এক ছক্কায় ১১১ বলে ১২০ রান করেন।
দলীয় ৩০৯ রানে ওভেরটনের উইকেট হারায় ইংল্যান্ড। ২৮ বলে ৩২ রান করেন তিনি। চাপে পড়া ইংল্যান্ড ৪৮.৫ ওভারে নবম উইকেট হারায়। জফরা আর্চার ফিরে যান ৮ বলে ১৪ রান করে। শেষ ওভারে ইংলিশদের লাগতো ১৩ রান। ব্যাটে ছিলেন আদিল রশিদ ও মার্ক উড। প্রথম চার বলে সিঙ্গেল নিয়ে চার রান তোলেন দুজনে। পঞ্চম বলে ওমরজাইকে উড়িয়ে মারতে গিয়ে লংঅনে ধরা পড়েন ইব্রাহিম জাদরানের হাতে। তাতে বিজয়োল্লাসে মাতে আফগানবাহিনী।
আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ৫ উইকেট নেন। মোহাম্মদ নবী নেন দুই উইকেট।
এর আগে ইব্রাহিম জাদরানের ইতিহাস গড়া ইনিংসে রেকর্ড সংগ্রহ গড়ে আফগানিস্তান। ৭ উইকেটে ৩২৫ রানের সংগ্রহ গড়ে। আইসিসি ইভেন্টে যা তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ২৯১ রান ছিল এতদিন সর্বোচ্চ। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। সর্বোচ্চ রানের রেকর্ডটা অস্ট্রেলিয়ার। গত শনিবার ৫ উইকেটে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ইংনিসে ৩৫৬ রান করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস গড়েছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট। সেই ইংলিশদের বিপক্ষে ডাকেটের রেকর্ড ভাঙেন আফগানিস্তান ওপেনার ইব্রাহিম জাদরান। ১৪৬ বলে ১৭৭ রান করে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন। ছিল ১২টি চার ও ৬টি ছক্কার মার। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটা ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। গত শনিবার একইমাঠে বেন ডাকেট ১৪৩ বলে ১৬৫ রান করেছিলেন। এরআগে রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাশলের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫১ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
ইব্রাহিম চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ডের পাশাপাশি নিজের একটি রেকর্ডও ভাঙেন। আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ইব্রাহিমের নিজেরই ছিল। ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রান করেছিলেন তিনি। যেটা ছিল তার সর্বোচ্চ রানের ইনিংসও।
আগে ব্যাটে নামা আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। ৩৭ রানে তিন ব্যাটার হারায় তারা। এরপর একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন ইব্রাহিম জাদরান। ওপেনিংয়ে নামা ব্যাটার আউট হয়েছেন ৪৯.১ ওভারে দলীয় ৩২৩ রানে। পরে আফগাস্তিানের ইনিংস থামে ৩২৪ রানে।
জাদরানের ১৭৭ রানের পাশাপাশি হাশমতউল্লাহ শহিদী ৬৭ বলে ৪০ রান, আজমতউল্লাহ ওমরজাই ৩১ বলে ৪১ রান এবং মোহাম্মদ নবী ২৪ বলে ৪০ রান করেন।
ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার তিন উইকেট নেন। লিয়াম লিভিংস্টোন নেন দুটি উইকেট।







