আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। তবে কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।
আজ ১৪ মার্চ শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে, তাই কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। টানা সাত দিন ধরে চলবে এই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম।
টিকিট বিক্রির তারিখ ও যাত্রার তারিখ
- ১৪ মার্চ: ২৪ মার্চের টিকিট
- ১৫ মার্চ: ২৫ মার্চের টিকিট
- ১৬ মার্চ: ২৬ মার্চের টিকিট
- ১৭ মার্চ: ২৭ মার্চের টিকিট
- ১৮ মার্চ: ২৮ মার্চের টিকিট
- ১৯ মার্চ: ২৯ মার্চের টিকিট
- ২০ মার্চ: ৩০ মার্চের টিকিট
ঈদ স্পেশাল ট্রেন
গত ৬ মার্চ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, এবার ঈদ উপলক্ষে মোট পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। যাত্রী চাহিদা অনুযায়ী কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে, তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে, ৪ মার্চ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া, ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ঈদযাত্রায় যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রেলওয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।







