পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুরাবে নিজ বাসভবনে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিদায়াতুল্লাহ্ বুলেদিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সশস্ত্র ব্যক্তিরা কয়েকটি সরকারি কার্যালয়, একটি থানা জ্বালিয়ে দিয়েছে।
নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ৩০ মে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল শহরটিতে তাণ্ডব চালায়। এছাড়া একটি ব্যাংকও লুট করেছে তারা।
দেশটির সরকারি মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, সন্ত্রাসীদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। ঘটনার সময় বুলেদির পরিবারের সদস্যরাও বাড়িতে ছিলেন।
নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রচুর সংখ্যক সশস্ত্র ব্যক্তি একটি ব্যাংক লুট করে এবং অন্তত ছয়টি সরকারি ভবন জ্বালিয়ে দেয়।
এছাড়া সুরাবে একটি পুলিশ স্টেশনসহ আধা-সামরিক বাহিনী লেভিসের একটি পোস্টও জ্বালিয়ে দেয় সশস্ত্র ব্যক্তিরা। ভাংচুর করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর চারটি গাড়ি।








