চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের জন্য কিউইদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস। প্রধান কোচ গ্যারি স্টেডের প্যানেলে কাজ করবেন তিনি।
শুক্রবার অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তান। বুধবার থেকে কিউইদের অনুশীলন ক্যাম্পে নতুন ভূমিকায় নেমে পড়েছেন অ্যাডামস।
কিউইদের হয়ে পাঁচ বছরের ক্যারিয়ারে একটি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ৪টি টি-টুয়েন্টি খেলেছেন অ্যাডামস। ২০১৫ সালে সবধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন। পরে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে মিচেল স্টার্ককে ফর্মহীনতা কাটিয়ে তুলতে সহযোগিতা করায় ব্যাপক প্রশংসিত হন। বিগ ব্যাশে সিডনি সিক্সার্স এবং অকল্যান্ডের সাথেও কাজ করেছেন। সেখানে লোকি ফার্গুসনের ক্যারিয়ার গঠনে সহযোগিতা করেন।
গতবছর সেপ্টেম্বর-অক্টোবরে নিউজিল্যান্ডের মেয়েদের সাউথ আফ্রিকা সফরে পেস বোলিং কোচের দায়িত্ব সামলেছেন অ্যাডামস। এবার ছেলেদের দলে যুক্ত হলেন।
অকল্যান্ডে ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৪ তারিখ হ্যামিল্টনে, তৃতীয়টি ১৭ তারিখে ডানেডিনে, ১৯ ও ২১ জানুয়ারি ক্রাইস্টচার্চে শেষ দুটি ম্যাচ গড়াবে।







