৩৫০ রানও তাড়া করা সম্ভব, আশাবাদী হৃদয়

সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের মহাকাব্যিক ২৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দৃঢ়তায় আবারও কঠিন অবস্থানে পড়েছে স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে সফরকারীদের লিড ৩১৫ রান। হাতে রয়েছে আরও ৭ উইকেট।
শেষদিনে ওয়েস্ট ইন্ডিজ কত রান যোগ করবে, কিংবা বাংলাদেশকে কত রানের লক্ষ্য দেবে, তা এখনো অনিশ্চিত। তবে লক্ষ্য ৩৫০ রান হলেও তা তাড়া করা সম্ভব বলে বিশ্বাস করেন হৃদয়। যদিও সেই লক্ষ্য পূরণ করতে হলে টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাস নতুন করে লিখতে হবে বাংলাদেশকে।
২৬ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৭ রান। তবে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের কথাই শোনালেন হৃদয়। হৃদয়ের মতে, সিলেটের উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো। তাই শুরুটা ভালো করতে পারলে বড় লক্ষ্যও অসম্ভব নয়।
বলেছেন, ‘এখন পর্যন্ত পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। আগামীকাল অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। শুরুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি শুরুটা ভালোভাবে করতে পারি, ৩৫০ রান তাড়া করা সম্ভব বলে আমার মনে হয়।’



