বহু বছরের বন্ধুত্ব তাদের। কিন্তু তার পরিণতি যে এমন হবে সেটা আশা করেননি দুজনের কেউই৷ বলছি বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের কথা। তাদের বন্ধুত্বে যে চিড় ধরেছে সে কথা অনেকেই আন্দাজ করেছেন। এবার পরেশের নতুন পদক্ষেপে শেষ সুতোটাও যেন ছিঁড়ে গেল।
যত ঝামেলা ‘হেরা ফেরি ৩’র শুটিং কে কেন্দ্র করে। ছবির প্রচার ঝলকের কিছুটা অংশ শুট করেও ফেলেছিলেন অভিনেতা৷ তারপরেই ঘোষণা করেন তিনি আর এই ছবিতে অভিনয় করবেন না৷ ১১ লক্ষ টাকা পারিশ্রমিকও নিয়েছিলেন পরেশ৷ তারপরেই অভিনেতার উপর খুবই বিরক্ত হন।
এরপরেই ২৫ কোটি টাকার মামলা দায়ের করে অক্ষয়ের প্রযোজনা সংস্থা পরেশের বিরুদ্ধে৷ সেই সঙ্গে পারিশ্রমিক নেওয়ার কথাও উল্লেখ করে তারা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সুদ সহ ১১ লক্ষ টাকা ফেরত দিয়েছেন পরেশ। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্জাইজির তৃতীয় ছবিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এবার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছিলেন অক্ষয়। তৃতীয় ছবিটি তার প্রযোজনায় তৈরি হচ্ছিল।
অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালকে নিয়ে ‘হেরা ফেরি ৩’র শুটিং শুরু হয়ে গিয়েছিল গত এপ্রিল মাসেই। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা করেন তিনি সরে দাঁড়াচ্ছেন। স্পষ্ট করে দেন, কাজ নিয়ে বা অর্থ সংক্রান্ত কোন মতবিরোধ ঘটেনি তার সঙ্গে। সূত্রের খবর, প্রায় তিনগুণ পারিশ্রমিক পাচ্ছিলেন পরেশ এই ছবির জন্য।







