‘লাগে রহো মুন্না ভাই’, ‘শাহজাদা’, ‘ফ্যাশন’, ‘ম্যায় তেরা হিরো’ ও ‘দেসি বয়েজ’-সহ একাধিক বলিউড সিনেমায় অভিনয় করা অশ্বিন মুশরানের বিরুদ্ধে গোয়ায় বাবা-ছেলেকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্ঘটনায় বাইকে থাকা বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গোয়ার মডগাঁও এলাকায়। জানা গেছে, গাড়ি চালানোর সময় অশ্বিন ভুল দিক দিয়ে আসছিলেন। এ সময় তাঁর গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে ছিলেন বাবা ও তাঁর ছেলে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অশ্বিন মুশরান ও তাঁর স্ত্রীকে স্থানীয়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়াতে দেখা যায়।
অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর অভিনেতা ও তাঁর স্ত্রী উল্টো বাইক আরোহীদেরই দায়ী করতে শুরু করেন। পরে স্থানীয় নেতা অমোল কনেকরসহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দম্পতির আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমোল কনেকর দুর্ঘটনা নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ করেন। তাঁর দাবি, দুর্ঘটনায় বাইক আরোহী আহত হন এবং আহত ব্যক্তির হাড়ের একটি অংশ নাকি গাড়ির মধ্যে আটকে যায়।
তিনি আরও অভিযোগ করেন, আহত ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে অভিনেতা স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এমনকি পরে একটি পার্টিতে যোগ দিতে তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান বলেও অভিযোগ করেন কনেকর।
স্থানীয় এই নেতার আরও অভিযোগ, তর্কের একপর্যায়ে অভিনেতার স্ত্রী তাঁর দিকে থুতু ছেটান। তাঁর দাবি, দুর্ঘটনার জন্য নিজেদের দায় থাকা সত্ত্বেও দম্পতি প্রথমে ক্ষমা চাননি এবং ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন।
তবে দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এ ঘটনায় পুলিশ কিংবা অভিনেতা অশ্বিন মুশরানের বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ফলে স্থানীয় নেতার করা অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।










