প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিয়ে সংগীতপ্রেমীদের চমকে দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। টানা দেড় দশক ধরে বিশ্বজুড়ে শ্রোতাদের মুগ্ধ করা এই শিল্পীর এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই আলোড়ন তুলেছে বিনোদন অঙ্গনে।
অবসরের ঘোষণার মধ্যেই সোমবার (২ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিত সিংয়ের বাড়িতে যান বলিউড অভিনেতা আমির খান। ঘনিষ্ঠ এই সাক্ষাৎকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।
শিল্পীর ব্যক্তিগত জীবনে এই সময়টায় আমির খানের উপস্থিতিকে অনেকেই দেখছেন ‘মানসিক সমর্থনের’ প্রতীক হিসেবে।
আবার কেউ কেউ বলছেন, আমির তার প্রোডাকশন হাউজ থেকে নিয়ে আসছেন নতুন ছবি ‘এক দিন’, যেটাতে দক্ষিণী তারকা সাই পল্লবীর সাথে জুটিবদ্ধ হচ্ছেন আমির পুত্র জুনায়েদ। মনে করা হচ্ছে, এই সিনেমার সংগীত আয়োজনে অরিজিৎকে পেতেই মুম্বাই থেকে মুর্শিদাবাদে ছুটে এসেছেন আমির!
১৫ বছরের ক্যারিয়ারে অরিজিৎ সিং যা অর্জন করেছেন; তা যেকোনো শিল্পীর জন্য স্বপ্ন! অগণিত হিট গান, আন্তর্জাতিক খ্যাতি, অগাধ শ্রোতাপ্রেম এবং বিপুল অর্থসম্পদ। বিভিন্ন প্রতিবেদনে তার সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপির বেশি বলে উল্লেখ করা হয়েছে। তবে এতকিছুর পরও খ্যাতির মোহ তাকে আর টানেনি। বরাবরই প্রচারবিমুখ ও অন্তর্মুখী এই শিল্পী যেন নিজের আত্মার শান্তিকেই প্রাধান্য দিয়েছেন।
ক্যারিয়ারের শীর্ষ সময়ে বিদায় নেওয়ার সিদ্ধান্ত অরিজিতকে আলাদা করে তুললেও তিনি একা নন। সম্প্রতি জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান স্বাস্থ্যগত কারণে দীর্ঘ বিরতির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে গায়িকা নেহা কক্কর সামাজিক মাধ্যমে সবকিছু থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন।
বিনোদন জগতের এই প্রবণতা নিয়ে কথা বলেছেন বর্ষীয়ান নির্মাতা মহেশ ভাট। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,“খ্যাতি মানুষকে আলোয় দাঁড়াতে শেখায়, কিন্তু সেই আলোর ভেতরে বাঁচতে শেখায় না। সাফল্যের শীর্ষে পৌঁছে দৃশ্যমান থাকা, প্রাসঙ্গিক থাকা এবং আবেগগতভাবে সবার জন্য উন্মুক্ত থাকার চাপ অসহনীয় হয়ে ওঠে। তখন সরে দাঁড়ানো দুর্বলতা নয়, বরং আত্মরক্ষার উপায়।”
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন অরিজিৎ সিং। এফ পোস্ট







