দুই দুইটা বিয়ে ভাঙার পর আবারও প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। শুক্রবার (১৪ মার্চ) নিজের ৬০তম জন্মদিনের আগে নিজেই এখবর সবাইকে জানিয়েছেন আমির। তাইতো আপাতত বলিপাড়ায় তারকা আমিরের এই প্রেমের খবরের চর্চা কেন্দ্রবিন্দুতে।
জন্মদিনের ঠিক আগের দিন রাতে আমির পাপারাজ্জিদের সঙ্গে তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। যদিও সেসময় গৌরীর ছবি না তোলারই অনুরোধ করেছিলেন সুপারস্টার। তাই পাপারাজ্জির সঙ্গে তার আলাপ মুহূর্তের কোন ছবি সামনে আসেনি।
তবে নেটদুনিয়ায় ভাইরাল গৌরীর ২-১টি একটি ছবি। এই পরিস্থিতিতে অভিনেতা ও গৌরীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন আমিরের বোন নিখাত খান। কী বলেছেন তিনি?
এ বিষয়ে নিখাত খান সম্প্রতি ই-টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ওদের দুজনের জন্য খুব খুশি এবং ওরা সুখে থাকুক এই কামনা করি। আমি ওদের জন্য সত্যিই খুব খুশি, ওদের জুটি অসাধারণ।’
এদিকে ৬০ বছর বয়সে এসে কি গৌরীকে বিয়ে করবেন আমির খান? এই প্রশ্নও উঠে এসেছে। এ বিষয়ে অভিনেতা জানান, ‘দেখুন, আমরা পুরোপুরি কমিটেড। আমি দু’বার বিয়ে করেছি। তবে ৬০ বছরে এসে আবার বিয়ে করাটা ঠিক দেখাবে না। তবে দেখা যাক…।
জানা গেছে, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে আমির খান ফিল্মস-এ কাজ করছেন। পেশাগতভাবে তিনি একজন হেয়ারড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে এফডিএ ডিগ্রি অর্জন করেছেন। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ, আর তার দাদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি ছয় বছর বয়সী এক সন্তানের মা।
আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন, যাদের দুটি সন্তান রয়েছে ইরা খান ও জুনায়েদ খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ২০০৫ সালে আমির নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। তাদের এক পুত্রসন্তান আছে, আজাদ, যার জন্ম সারোগেসির মাধ্যমে। আমির তার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।







