অভিনয় জীবন থেকে ব্যক্তিগত সিদ্ধান্ত সব ক্ষেত্রেই নিজের মতো পথ বেছে নেওয়া আমির এবারও জাঁকজমকপূর্ণ বিয়ের বদলে সাদামাটা অনুষ্ঠানের পক্ষেই ঝুঁকছেন বলে খবর। সূত্রের খবর, আগামী ৫ জুলাই দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবী ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।
তবে কোন বিলাসবহুল হোটেল বা রাজকীয় রিসোর্টে নয়, বরং নিজেদের বাড়িতেই আয়োজন করা হবে এই বিশেষ অনুষ্ঠান। পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং কয়েকজন কাছের বন্ধুর উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করবেন এই যুগল।
জানা গেছে, আমির ও গৌরী দু’জনেই এই মুহূর্তটিকে আড়ম্বরহীন এবং ব্যক্তিগত পরিসরেই উদযাপন করতে চান।
এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে একে অপরকে জানার ও বোঝার পর তাদের মনে হয়েছে সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছে। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। অভিনেতার কথায়, এই নতুন অধ্যায় শুরু করতে তারা দু’জনেই প্রস্তুত এবং অনুষ্ঠানটিকে যতটা সম্ভব সরল রাখার পক্ষপাতী।
বিয়ের প্রস্তুতির জন্য নাকি সাময়িকভাবে পেশাগত ব্যস্ততা থেকেও কিছুটা দূরে রয়েছেন আমির। তবে বিয়ের পর আবারো কাজে মনোনিবেশ করবেন তিনি।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক রাজকুমার হিরানি-র সঙ্গে বহু প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস ২’-এর কাজে শিগগিরি ব্যস্ত হয়ে পড়তে পারেন অভিনেতা। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।







