আন্তর্জাতিক

১৫ গ্রাম চিপসের প্যাকেটে মিলল ৪ গ্রাম, ক্রেতাকে ক্ষতিপূরণের নির্দেশ

১৫ গ্রাম চিপসের প্যাকেটে মিলল ৪ গ্রাম, ক্রেতাকে ক্ষতিপূরণের নির্দেশ

ছবি: সংগৃহীত

ভারতের জয়পুরে ১৫ গ্রাম ওজনের লে’জ চিপসের প্যাকেটে মাত্র ৪ গ্রাম চিপস পাওয়ার অভিযোগে পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস প্রাইভেট লিমিটেডকে ৮ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভোক্তা আদালত। এর মধ্যে মানসিক হয়রানির জন্য ৫ হাজার রুপি এবং মামলা পরিচালনার খরচ বাবদ ৩ হাজার রুপি দিতে হবে প্রতিষ্ঠানটিকে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর জয়পুরের জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন-২ এ আদেশ দেন।

প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী চন্দ্রমন জালান ২০২০ সালের ১০ নভেম্বর অতিথিদের আপ্যায়নের জন্য মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়া লিমিটেড থেকে বিভিন্ন খাদ্যপণ্যের সঙ্গে পাঁচ রুপির একটি লে’জ চিপসের প্যাকেট কেনেন।

অতিথিদের পরিবেশনের সময় প্যাকেটটি অস্বাভাবিক হালকা মনে হওয়ায় তিনি চিপসগুলো ওজন করেন। এতে মাত্র ৪ গ্রাম চিপস পাওয়া যায়, যদিও প্যাকেটের গায়ে নিট ওজন ১৫ গ্রাম লেখা ছিল।

বিক্রেতার কাছে অভিযোগ করেও সন্তুষ্ট না হওয়ায় ২০২২ সালের ৬ এপ্রিল ভোক্তা আদালতে মামলা করেন চন্দ্রমন। অভিযোগে পণ্যের পরিমাণে ঘাটতি, সেবায় ত্রুটি ও অন্যায্য বাণিজ্যিক কার্যক্রমের বিষয়টি তুলে ধরা হয়।

আদালতে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি দাবি করে, পণ্যের ওজনে ঘাটতি হয়ে থাকলে তা উৎপাদন পর্যায়েই ঘটেছে। অন্যদিকে, নোটিশ পাওয়ার পরও পেপসিকো আদালতে হাজির না হওয়ায় প্রতিষ্ঠানটির অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চলে।

আদালত পর্যবেক্ষণে বলেন, খুচরা বিক্রেতা বৈধ চালানের মাধ্যমে পণ্য বিক্রি করেছে। প্যাকেটজাত পণ্যে পরিমাণের ঘাটতি থাকলে তার দায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর বর্তায়। এ কারণে বিক্রেতার বিরুদ্ধে করা অভিযোগ খারিজ করে পেপসিকোর বিরুদ্ধে করা অভিযোগ গ্রহণ করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, পেপসিকোকে চিপসের প্যাকেটের ক্রয়মূল্য পাঁচ রুপি ফেরত দিতে হবে। পাশাপাশি ২০২২ সালের ৬ এপ্রিল থেকে অর্থ পরিশোধের দিন পর্যন্ত বার্ষিক ৬ শতাংশ হারে সুদ দিতে হবে।

আদেশে বলা হয়েছে, এক মাসের মধ্যে অর্থ পরিশোধ না করলে রায়ের তারিখ থেকে সম্পূর্ণ অর্থ পরিশোধের দিন পর্যন্ত বার্ষিক ৬ শতাংশ হারে সুদ দিতে হবে।

বিষয়:ক্ষতিপূরণ ভোক্তা আদালত লে’জ চিপস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…