মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।
সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় ভূমিকম্পটির কেন্দ্র ছিল মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলসংলগ্ন এলাকায়।
ভূমিকম্পের পর মেক্সিকো ও গুয়াতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু অংশে সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়। পরে মেক্সিকোর নৌবাহিনী জানায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এ কারণে উপকূলবাসীকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবল কম্পনের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক মানুষ ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন।
গুয়াতেমালার কয়েকটি এলাকায় সামান্য ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে প্রধান ভূমিকম্পের পর ৫ থেকে ৬ মাত্রার একাধিক আফটারশকও রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







