অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের জন্য খোলামেলা আলোচনাসহ পাঁচ পরামর্শ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহিংসতা বন্ধেরও পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার ১৫ অক্টোবর ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে পাঁচটি পরামর্শের কথা জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে আইআরআই ও এনডিআই যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করে। ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন তারা।
পর্যবেক্ষক দলের দেওয়া পাঁচটি সুপারিশ হলো-
১. সহনশীল বক্তব্য এবং নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।
২. নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।
৩. অহিংস কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং রাজনৈতিক সহিংসতার অপরাধীদের জবাবদিহি করতে হবে।
৪. সব দলকে অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।
৫. নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে।
সফরকালে পর্যবেক্ষক দলের সদস্যরা সুশীল সমাজ, রাজনৈতিক দল, নাগরিক সংগঠন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান ও বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও বিভিন্ন হাইকমিশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।







