কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি নোড়া মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে দুইজন ও মাধব কার্ড খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে তিনজন মারা যায়।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই মারা গেছেন।








