যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের পেমব্রুক শহরের কাছে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় একজন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। প্রায় ৫৪ জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরের দিকে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়।
সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আই-৯০ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন।
স্থানীয় পুলিশের মুখপাত্র বলেন, বাসটি সম্ভবত দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ মোট ৫২ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো পর্যটক। দুর্ঘটনার পর মহাসড়কের উভয়দিকের যান চলাচল বন্ধ করে বিকল্প পথ নির্দেশনা দিয়েছে নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।
উল্লেখ্য, দুর্ঘটনার সময় বাসটিতে অনেক শিশু যাত্রীও ছিল, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকারীরা বলছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত এখনও চলমান।







