আন্তর্জাতিক

কিয়েভ-মস্কোর পাল্টাপাল্টি হামলায় নিহত ৫

কিয়েভের দ্বিতীয় সেতুতেও রুশ হামলা

কিয়েভ-মস্কোর পাল্টাপাল্টি হামলায় নিহত ৫

ছবি: সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি দূরপাল্লার হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের ওডেসা অঞ্চলে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শনিবার ৩ অক্টোবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করে।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, হামলার পর জাহাজটির আরও ১২ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কৃষ্ণসাগরে ইউক্রেনের বেসামরিক জাহাজে রুশ হামলার ঘটনাও সাম্প্রতিক সময়ে বেড়েছে।

এদিকে মস্কোর নিয়োগ করা লুহানস্ক অঞ্চলের গভর্নরের দাবি, ইউক্রেনের হামলায় রাশিয়ার দখলে থাকা লুহানস্কে দুইজন নিহত হয়েছেন।

রাশিয়ার নিয়োগ করা জাপোরিঝিয়া অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় সেখানে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে রুশ গণমাধ্যম জানিয়েছে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের নর্দার্ন ব্রিজে রুশ হামলায় দুইজন আহত হয়েছেন। দুই দিনের মধ্যে কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে এটি রাশিয়ার দ্বিতীয় হামলা।

রুশ হামলায় সেতুটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে কিয়েভের আরেকটি গুরুত্বপূর্ণ সেতুতেও হামলা চালানো হয়।

শনিবার ইউক্রেনে অবস্থানরত কূটনীতিক ও বিদেশিদের নতুন করে সতর্ক করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের কিয়েভ ছাড়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, শহরে অবস্থান করলে তারা হামলার ঝুঁকিতে পড়তে পারেন। তবে কিয়েভে এখনো বেশ কয়েকটি বিদেশি দূতাবাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ পঞ্চম বছরে পড়েছে। সাম্প্রতিক সময়ে রুশ বাহিনী বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এর মধ্যে দ্রুতগতির দীর্ঘপাল্লার জেটচালিত ড্রোনের ব্যবহারও বেড়েছে।

অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডের গভীরে দূরপাল্লার হামলা চালিয়ে আসছে। এসব হামলার লক্ষ্য হিসেবে রাশিয়ার তেল অবকাঠামো ও সামরিক শিল্প স্থাপনার কথা বলা হয়েছে।

বিষয়:কিয়েভ-মস্কোর হামলা নিহত রাশিয়ার দ্বিতীয় হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…