গোপালগঞ্জের বেদগ্রাম মোড়ে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন বাসের যাত্রী রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।







