দুইদিনে মোট ৪৫টি আগুনের ঘটনা, ঢাকায় ২৭টি

ঢাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, ঘটনাস্থলে তৎপরতা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গত ২৮ অক্টোবর দুপুর ১টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ৪৫টি আগুন দেয়ার সংবাদ পাওয়া গেছে। এসবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২৭টি আগুনের ঘটনা ঘটে। এইদিকে আজ রোববার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১৩টি আগুনের সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ৪টি ঢাকা সিটি এলাকায়।
আজ রোববার (২৯ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, আগুন দেয়ার ঘটনার মধ্যে ৪১টি ঢাকা বিভাগে, ১টি রাজশাহী বিভাগ, ২টি খুলনা বিভাগে, ১টি রংপুর বিভাগে। এসব অগ্নিকাণ্ডে ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ এবং ১টি সিএনজি পুড়ে যায়। এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার ও রাজনৈতিক দলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গতকাল বিকেলে ঢাকা মহানগরীর শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন।






