অপরাধ

মেট্রো স্টেশনে আনসার সদস্যের তৎপরতায় চুরি হওয়া শিশু উদ্ধার

মেট্রো স্টেশনে আনসার সদস্যের তৎপরতায় চুরি হওয়া শিশু উদ্ধার

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছেন আনসার সদস্যরা। শিশুটিকে চুরি করে আনার অভিযোগে রানা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

আনসার বাহিনীর তথ্য অনুযায়ী, স্টেশনে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. শাহিন মিয়া। এ সময় এক ব্যক্তিকে কান্নারত শিশুকে নিয়ে দ্রুত প্ল্যাটফর্মে নামতে দেখে তার সন্দেহ হয়। শিশুটির কান্না ও ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় শাহিন মিয়াসহ উপস্থিত যাত্রীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

একপর্যায়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে শাহিন মিয়া তাকে আটক করেন। পরে স্টেশনে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে জানান। এরপর ওই ব্যক্তি ও শিশুটিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার সদস্যদের উপস্থিতিতে পুলিশি জিজ্ঞাসাবাদে রানা শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আনসার বাহিনী।

শিশুটির অভিভাবকদের শনাক্ত করে তাকে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়:আনসার তৎপরতা শিশু উদ্ধার সচিবালয় মেট্রো স্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…