কুষ্টিয়া ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মা ও আড়াই বছরের সন্তানের।
শুক্রবার সকালে শহরের ত্রিমোহনী বাইপাস গোল চত্বরে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইতি খাতুন ও শিশু সন্তান আহনাফ।
এই ঘটনায় ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ায় পোল্ট্রি ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাজু মিয়া ও পোল্ট্রি ব্যবসায়ী জিয়ারুল ইসলাম।
সালনা হাইওয়ে পুলিশ জানিয়েছে, মুরগী ব্যবসায়ীর একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোতাপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপের সামনে থাকা দুজন ঘটনাস্থলে নিহত হন।







