সুনামগঞ্জের তাহিরপুর পাটলাই নদী থেকে বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড় থেকে সোমবার ৩১ জুলাই বিকেলে গ্রেপ্তার করা হয় তাদেরকে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) আওতায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে মামলার বাদী তাহিরপুর থানার পরিদর্শক (এসআই) রাশেদুল কবির।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জণসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্রমূলক বৈঠক করার কারণে গ্রেপ্তার করা হয়। তারা ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কাজে লিপ্ত ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তাদের এমন রাষ্ট্রবিরোধী কার্যকলাপের কারণে বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকাল ৭ টায় একটি নৌকায় করে বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। হাওরে ঘোরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট সেটি থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।
তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার বলেন, রোববার বিকেলে নৌকার দু’জন চালকসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানা নেয়া হয়। কী কারণে তাদের আটক করা হয়েছে তা জানতে চাইলে কোনো উত্তর দেননি থানার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন। তিনিসহ দায়িত্বশীলরা বলছেন, পরে জানাবেন।
এ বিষয়ে জানতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের সরকারি নম্বরে রোববার রাত থেকে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ৩৪ পর্যটককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ ৩৪ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো— আফিফ আনোয়ার , বখতিয়ার নাফিস, মো. সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান অপি, মো. শামীম আল রাজি, মো. আব্দুলাহ আল মুকিত, মোঃ জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মোঃ ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত ফাহিম, এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আব্দুল বারি, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, মো. বাকি বিল্লাহ, মাহাদি হাসান, আলী আম্মার মৌয়াজ, টি এম তানভির হোসেন।








