মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এবছর প্রায় ৩০ হাজার ইরানি নাগরিক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। ইরানের হজ ও তীর্থযাত্রা বিষয়ক সংস্থা জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হবে।
গালফ নিউজ জানিয়েছে, প্রস্তুতির অংশ হিসেবে ইরান ও সৌদি আরবের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক সমন্বয় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে এই উদ্যোগ দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক দিক নির্দেশ করছে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হজযাত্রীদের একটি অগ্রবর্তী প্রতিনিধি দল ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছে। তারা সেখানকার সার্বিক পরিস্থিতি ও আবাসন ব্যবস্থা পরিদর্শন করেছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফার যাত্রীরা মদিনা পৌঁছাবেন। পরে তারা মক্কা গিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তবে নিরাপত্তাজনিত কারণে যাত্রাপথ সরাসরি আকাশপথ নাকি বিকল্প কোনো রুট ওই বিষয়ে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ইরানের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ করে ইরানি হজযাত্রীদের স্বাগত জানানোর প্রস্তুতির কথা জানিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিমদের জন্য মক্কা ও মদিনায় নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, হজে আগত অতিথিদের সেবায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং আতিথেয়তায় কোনো ঘাটতি রাখা হবে না। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও এই হজযাত্রা ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।








