পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

পাবনায় একটি সরকারি ভবনের প্রবেশদ্বার, যেখানে শোক প্রকাশের জন্য পোস্টার ও ফুল রাখা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাবনা প্রতিনিধি: পাবনায় পিকআপভ্যানের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ১৫ জুলাই রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের রোস্তম আলীর ছেলে জুয়েল ( ৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) এবং জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহত আব্দুল মতিন নিহত জুয়েল ও সুরুজ্জামানের আপন চাচা। একই পরিবারের এই তিন জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একই পরিবারের ওই ৩ জন একটি মোটর সাইকেলে করে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিলেন। তারা পাবনা-বগুড়া মহাসড়কের ছোট পাথাইল হাট নামক স্থানে পৌঁছুলে একটি অটোভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। একই সময়ে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যান এসে তাদের চাপা দিলে আব্দুল মতিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ২ জন মারা যান।
সাঁথিয়া থানার অফিসার ই-চার্জ (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা গেলেও পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান।






