কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে রাষ্ট্রীয় স্থাপনায় ভাংচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২টি মামলা হয়েছে।
এসব মামলায় ২২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, এখন পর্যন্ত দায়ের করা মামলার সংখ্যা ২২৯টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ২ হাজার ৭৬৪ জন।
রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। সর্বশেষ গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।







