গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে আট জন ডাকাত, নয় জন সক্রিয় ছিনতাইকারী, ১২ চাঁদাবাজ, সাত জন চোর, ১৭ মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি চাকু, একটি ছুরি, একটি হাতুরি, একটি কাটার, একটি পাঞ্চ মেশিন, একটি ইলেকট্রিক সিগারেট বডি, একটি ভ্যানিটি ব্যাগ, ২৯টি মোবাইল ফোন, দুটি ট্যাব, একটি মোটরসাইকেল, দুটি প্রাইভেটকার, এক লক্ষ ২১ হাজার ৪৫০ টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী ও নগদ তিন হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩২ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩৬৩ পিস ইয়াবা ও দুই গ্রাম হেরোইন।
রোববার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি(রাতে ৩৪০ ও দিনে ৩২৭) টহল টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
তালেবুর রহমান জানান, জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৬টি মামলা হয়। ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।








