বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৪ ম্যাচে জয়ের দেখা পায়নি ব্রাজিল। এরপর গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সেলেসাওরা। তবে আবারও অপ্রত্যাশিত হারের তিক্ত স্বাদ পেতে হলো ব্রাজিলকে। এবার প্যারাগুয়ের কাছে হেরে বসল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল।
২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার প্যারাগুয়ের ঘরের মাঠ চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ১-০তে হেরেছে ডোরিভাল জুনিয়রের দল । প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড ডিয়েগো গোমেজ।
বল দখলের লড়াইয়ে ৭১ শতাংশ সময় বল পায়ে রাখলেও লক্ষ্যে তেমন শটই নিতে পারেনি ব্রাজিল। গোলের জন্য ৯টি শট নিয়ে কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে বিশ্বজয়ী দল। বিপরীতে প্যারাগুয়ের ৭ শটের মধ্যে ২টি লক্ষ্যে ছিল।
প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুটা খারাপ হয়নি ব্রাজিলের। বেশকিছু সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি দলটির। তবে ব্রাজিল না পারলেও ঠিকই সাফল্যের দেখা পেয়েছে প্যারাগুয়ে।
ম্যাচের ২০ মিনিটে গোমেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। এই গোলটির পেছনে ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড়দের দায় দেয়াই যায়। কেননা তাদের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগই লুফে নেয় প্যারাগুয়ে।
ম্যাচের ২৫ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। এন্ড্রিকের বাড়ানো পাস থেকে গোল অভিমুখে শট নেন অ্যারানা। তবে, গোলরক্ষককে ফাঁকি দিলেও প্যারাগুয়ের লেফটব্যাক আলোনসো গোললাইন থেকে বল ফিরিয়ে ব্রাজিলকে হতাশ করেন।
এরপর আরও বেশকিছু আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা।
জয়ে ৮ ম্যাচে ৩ জয়, এক ড্র ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে ব্রাজিল। তাদের সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।







