মাগুরায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, সোমবার দুপুর ২টার দিকে গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধাকে চাপা দেয়। এরপর আনোয়ার হোসেন নামের আরেক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। তাদের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গোল্ডেন লাইনের যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারি।
নিহত রোকেয়া বেগমের বাড়ি মহম্মদপুরের বিনোদপুরে। তিনি মাগুরা শহরের ভায়না এলাকায় মেয়ে আমেনা খাতুনের বাড়িতে থাকতেন। দুর্ঘটনার সময় তিনি মাগুরা সদর হাসপাতালের সামনে পরিত্যক্ত পলিথিন ও ফেলে দেয়া প্লাস্টিকের বোতল সংগ্রহের কাজ করছিলেন। এগুলো বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন।
নিহত আনোয়ার হোসেন শহরের জুতাপট্টি এলাকায় দৃষ্টি নামে একটি প্রিটিং এন্ড প্যাকেজিং প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তিনি মাগুরা সদরের আঠারোখাদা গ্রামের ময়েন উদ্দিন ময়নার ছেলে।







