ডায়াবেটিসে দেরি নয়, এখনই ব্যবস্থা নিন

“আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস”‘ ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। ডায়াবেটিসে আগাম সচেতনতা, দ্রুত শনাক্তকরণ ও সময়মতো কার্যকর পদক্ষেপ।
ডায়াবেটিস আজ বিশ্বজুড়ে একটি নীরব অথচ ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি। বাংলাদেশও এর বাইরে নয়। শিশু থেকে প্রবীণ—যেকোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। উদ্বেগের বিষয় হলো, অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও তা বুঝতে পারেন না। ফলে সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসার অভাবে শরীরে নানা জটিলতা দেখা দেয়।
ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। তবে সঠিক চিকিৎসা, নিয়মিত পর্যবেক্ষণ এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অন্যদিকে অবহেলা করলে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হ্রাস এবং স্নায়ুর ক্ষতিসহ নানা গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।
এ বছরের প্রতিপাদ্য আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে—ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো যথাযথ চিকিৎসা গ্রহণই এর ঝুঁকি ও জটিলতা কমানোর অন্যতম কার্যকর উপায়।
ডায়াবেটিসের ধরন: জানুন, বুঝুন, সচেতন হোন
সাধারণত আমরা টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস সম্পর্কে বেশি জানি। তবে চিকিৎসাবিজ্ঞানে আরও কিছু বিশেষ ধরনের ডায়াবেটিস রয়েছে। এর মধ্যে অগ্ন্যাশয়ের রোগ বা অস্ত্রোপচারের কারণে সৃষ্ট টাইপ ৩সি ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো বিশেষভাবে জরুরি।
১. টাইপ ১ ডায়াবেটিস
এটি মূলত একটি অটোইমিউন রোগ।
শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলোকে ধ্বংস করে দেয়। ফলে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, অনেক ক্ষেত্রে একেবারেই বন্ধ হয়ে যায়।
সাধারণত শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনো বয়সেই এটি হতে পারে। এ ধরনের রোগীর সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিয়মিত ইনসুলিন গ্রহণ অপরিহার্য।
২. টাইপ ২ ডায়াবেটিস
এটি ডায়াবেটিসের সবচেয়ে প্রচলিত ধরন। এ ক্ষেত্রে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না। এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। পাশাপাশি সময়ের সঙ্গে অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনক্ষমতাও কমে যেতে পারে।
অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, বংশগত প্রবণতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও বয়স—এসব কারণে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিছু ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন ও চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস রেমিশন অর্জনও সম্ভব হয়।
৩. অন্যান্য বিশেষ ধরনের ডায়াবেটিস
টাইপ ১ ও টাইপ ২ ছাড়াও চিকিৎসাবিজ্ঞানে বিভিন্ন কারণে সৃষ্ট বিশেষ ধরনের ডায়াবেটিস রয়েছে। এর মধ্যে জিনগত ত্রুটিজনিত ডায়াবেটিস এবং অগ্ন্যাশয়ের রোগ বা ক্ষতির কারণে সৃষ্ট ডায়াবেটিস বিশেষভাবে উল্লেখযোগ্য।

ক. জিনগত ত্রুটিজনিত ডায়াবেটিস
জন্মগত বা বংশগত কোনো নির্দিষ্ট জিনের পরিবর্তন বা ত্রুটির কারণে অগ্ন্যাশয়ের বিটা কোষ ইনসুলিন তৈরি বা নিঃসরণে সমস্যার সম্মুখীন হতে পারে। এর পরিচিত দুটি রূপ হলো:
- ম্যাচুরিটি-অনসেট ডায়াবেটিস অফ টি ইয়ং: সাধারণত কম বয়সে দেখা যায় এবং পরিবারে একাধিক প্রজন্মে ডায়াবেটিসের ইতিহাস থাকতে পারে। একটি নির্দিষ্ট জিনের ত্রুটির কারণে এটি হয়।
- নেওনাটাল ডায়াবেটিস: সাধারণত শিশুর জীবনের প্রথম ছয় মাসের মধ্যে ধরা পড়ে এবং এর পেছনেও জিনগত কারণ থাকতে পারে।
সঠিক জেনেটিক পরীক্ষার মাধ্যমে রোগের ধরন শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক বেশি কার্যকরভাবে নির্ধারণ করা সম্ভব। কিছু ক্ষেত্রে ইনসুলিনের পরিবর্তে নির্দিষ্ট মুখে খাওয়ার ওষুধ দিয়েই ভালো নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করে কোন জিনে কী ধরনের পরিবর্তন হয়েছে তার ওপর।
খ. ইনসুলিন রেজিস্ট্যান্সের বিরল জিনগত রূপ
কিছু বিরল জিনগত সমস্যার কারণে শরীরে ইনসুলিন তৈরি হলেও কোষগুলো ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না। ফলে তীব্র ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এটি সাধারণ টাইপ ২ ডায়াবেটিসের ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ভিন্ন এবং বিশেষজ্ঞের মাধ্যমে শনাক্ত করা প্রয়োজন।
এ ধরনের কিছু রোগীর ক্ষেত্রে ঘাড়, বগল বা শরীরের অন্যান্য ভাঁজে কালচে ও পুরু দাগ দেখা যেতে পারে, যাকে অ্যাকান্থোসিস নিগ্রিকানস বলা হয়।
গ. টাইপ ৩সি ডায়াবেটিস
এটি চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত একটি বিশেষ ধরনের ডায়াবেটিস। একে ‘প্যানক্রিয়াটোজেনিক ডায়াবেটিস বা প্যানক্রিয়াটিক ডায়াবেটিস’ নামেও অভিহিত করা হয়।
এই ধরনের ডায়াবেটিস সম্পর্কে আমার নিজেরও এতদিন তেমন কোনো ধারণা ছিল না। হয়তো আমরা যারা মেডিক্যাল প্রফেশনাল নই, তাদের অনেকের কাছেই বিষয়টি অপরিচিত।
গত জুলাই মাসে আমার বোনের অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) একটি বিনাইন টিউমার অপারেশন করতে গিয়ে প্যানক্রিয়াসের প্রায় ৪০ শতাংশ কেটে বাদ দিতে হয়। পরবর্তী সময়ে, গত অক্টোবর মাসের শেষার্ধে তার রক্তে অস্বাভাবিক মাত্রায় সুগার ধরা পড়ে এবং চিকিৎসক প্রয়োজনীয় ইনসুলিন চিকিৎসা শুরু করেন।
বিষয়টি স্বাভাবিকভাবেই আমার মধ্যে কৌতূহল সৃষ্টি করে। সেই আগ্রহ থেকেই টাইপ ৩সি ডায়াবেটিস সম্পর্কে জানার চেষ্টা করি এবং উপলব্ধি করি, ডায়াবেটিসের এই বিশেষ ধরনটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো কতটা জরুরি।
আমাদের শরীরের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস শুধু ইনসুলিন তৈরি করে না; খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইমও উৎপাদন করে। অগ্ন্যাশয়ের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হলে বা অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হলে ইনসুলিন উৎপাদন এবং হজমের স্বাভাবিক প্রক্রিয়া—উভয়ই ব্যাহত হতে পারে। এর ফলে টাইপ ৩সি ডায়াবেটিস দেখা দিতে পারে।

টাইপ ৩সি ডায়াবেটিসের উল্লেখযোগ্য কারণগুলো হলো:
দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহ।
অগ্ন্যাশয়ের ক্যান্সার বা অন্যান্য টিউমার।
অগ্ন্যাশয়ের বড় ধরনের অস্ত্রোপচার।
অগ্ন্যাশয়ের আংশিক বা সম্পূর্ণ অপসারণ।
সিস্টিক ফাইব্রোসিসসহ অগ্ন্যাশয়ের কিছু দীর্ঘমেয়াদি রোগ।
বিশেষ করে যাদের অস্ত্রোপচারের মাধ্যমে অগ্ন্যাশয়ের একটি উল্লেখযোগ্য অংশ বাদ দিতে হয়েছে, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। তবে কতটুকু অংশ বাদ দেওয়া হয়েছে, অবশিষ্ট অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা এবং ব্যক্তির অন্যান্য শারীরিক অবস্থার ওপর এই ঝুঁকি নির্ভর করে। সবার ক্ষেত্রেই ডায়াবেটিস হবে, এমন নয়।
টাইপ ৩সি ডায়াবেটিসের চিকিৎসা ও নিয়ন্ত্রণ
অগ্ন্যাশয়ের ক্ষতির মাত্রা, ইনসুলিন উৎপাদনের সক্ষমতা এবং হজমের কার্যক্রমের ওপর নির্ভর করে চিকিৎসা নির্ধারণ করা হয়।
অনেক রোগীর ক্ষেত্রে ইনসুলিন গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে।
কিছু রোগীর ক্ষেত্রে মেটফর্মিনসহ নির্দিষ্ট মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করা যেতে পারে।
হজমের এনজাইমের ঘাটতি থাকলে প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি প্রয়োজন হতে পারে।
ভিটামিন A, D, E ও K-সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি পরীক্ষা করে তা পূরণ করতে হয়।
নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা অত্যন্ত জরুরি। কারণ এ ধরনের রোগীর ক্ষেত্রে ইনসুলিনের পাশাপাশি রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে।
অগ্ন্যাশয়ের স্থায়ী ক্ষতির কারণে সৃষ্ট টাইপ ৩সি ডায়াবেটিস সাধারণত দীর্ঘমেয়াদি। তবে যথাযথ চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে রোগীরা ভালো থাকতে পারেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
মস্তিষ্ক ও অ্যালজেইমার্সের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক
এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। কিছু গবেষক মস্তিষ্কের ইনসুলিন কার্যক্রমে ব্যাঘাত ও ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে অ্যালজেইমার্স রোগের সম্ভাব্য সম্পর্ক বোঝাতে অনানুষ্ঠানিকভাবে ‘টাইপ ৩ ডায়াবেটিস’ শব্দটি ব্যবহার করেন।
তবে এটি ডায়াবেটিসের কোনো আনুষ্ঠানিক বা স্বীকৃত চিকিৎসাগত শ্রেণি নয়। মস্তিষ্কের ইনসুলিন কার্যক্রম, স্মৃতিশক্তি ও অ্যালজেইমার্স রোগের সম্পর্ক নিয়ে গবেষণা এখনো চলমান।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের করণীয়: প্রতিরোধ ও সচেতনতাই প্রধান
আমাদের প্রত্যেকের কিছু সচেতন অভ্যাস গড়ে তোলা জরুরি:
স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা।
নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রম করা।
অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা।
ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করানো।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ভ্রান্ত চিকিৎসা কিংবা অবৈজ্ঞানিক হারবাল পণ্যের ওপর নির্ভর না করা।
অগ্ন্যাশয়ের রোগ বা অস্ত্রোপচারের ইতিহাস থাকলে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয়
মনে রাখতে হবে, ডায়াবেটিস কোনো অভিশাপ নয়। এটি নিয়ন্ত্রণযোগ্য একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, সময়মতো চিকিৎসা এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়েও সুস্থ, সুন্দর ও কর্মময় জীবনযাপন করা সম্ভব।
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়; পরিবার, সমাজ এবং রাষ্ট্রেরও সম্মিলিত দায়িত্ব। একজন মানুষকে সচেতন করা মানে একটি পরিবারকে সচেতন করা; আর একটি পরিবারকে সচেতন করা মানে ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের পথে এগিয়ে যাওয়া।
আসুন, এই বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের অঙ্গীকার হোক—
নিজে সচেতন হব, পরিবারকে সচেতন করব, অন্যের পাশে দাঁড়াব।
ডায়াবেটিসকে অবহেলা নয়, ভয় নয়—প্রয়োজন আগাম সচেতনতা, দ্রুত শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা।
আজকের সচেতনতাই আগামী দিনের সুস্থতার ভিত্তি।
সবার সুস্বাস্থ্য, সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করি।
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)






