জীবনসঙ্গী হারালেন মৌসুমী চ্যাটার্জী, প্রার্থনা সভা ১৫ নভেম্বর

প্রয়াত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। তার স্মরণে আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১২ নভেম্বর মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়ন্ত মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তরের কোঠার শেষ দিকে। বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
জয়ন্তের মেয়ে মেঘা মুখোপাধ্যায় এক বিবৃতিতে জানান, আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের শ্রী খাটওয়ারি দরবারে প্রার্থনা সভাটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে এ আয়োজন।
জয়ন্ত মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত কুমারের ছেলে। বাবার সংগীতের উত্তরাধিকার বহন করে তিনিও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও কাজ করেছেন। তার প্রযোজিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মাজাক’ (১৯৭৫), ‘দো লাড়কে দোনো কাড়কে’ (১৯৭৯) ও ‘বিবি অউর মকান’। এর মধ্যে প্রথম দুটি সিনেমায় অভিনয় করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। এ ছাড়া ১৯৯২ সালে প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান ‘তালাশ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
১৯৭২ সালে মাত্র ১৫ বছর বয়সে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে—পায়েল ও মেঘা। ২০১৯ সালে বড় মেয়ে পায়েলের মৃত্যুতে শোকের মুখে পড়েছিল পরিবারটি।
জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত পরিবার ও স্বজনেরা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এনডিটিভি





