দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাকবলিত দুই ট্রাকের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত অবস্থায়, ঘটনাস্থলে লোকজন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাবোঝাই ট্রাকের সাথে সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। নিতরা হলেন, ভুট্টার ট্রাকের চালক গোলাম রাব্বী (৩৮) ও চালকের সহকারী রেজওয়ান (৩২)।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আসাদুজ্জামান জানান, ভোর ৬ টায় ঘোড়াঘাট উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। সার বোঝাই ট্রাকের চালক ও সহকারী পালিয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও সহকারীকে গুরুতর আহত অবস্থায় ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত ট্রাক চালক গোলাম রাব্বীর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকায় এবং চালকের সহকারী রেজওয়ান (৩২) একই এলাকার বাসিন্দা।






