টাঙ্গাইলের মধুপুরে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১জন।
আজ (১৭ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান, বনি আমিন এবং তানভীর মোটরসাইকেল যোগে ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২টি মোটরসাইকেলের ৩ জন আরোহী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বনি আমিন ও তানভীরকে মৃত ঘোষণা করেন।







