টাঙ্গাইলের দুই স্থানে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। একজন টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে আরেকজন কালিহাতীতে বাসের ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার ৬ জুন বেলা ১১ টার টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে করে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি চলাকালে হঠাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি পড়ে যায়। এতে ঘটনা স্থলেই ওই ব্যক্তি নিহত হোন। পুলিশ দীর্ঘ সময় পার হলেও মরদেহের খোঁজ নেয়নি। নিহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।
একই উপজেলার নাগবাড়ি এলাকায় পাবনাগামী বাসের ছাদ থেকে পড়ে রানা নামে পাবনার একজন যাত্রী মারা যায়।
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, ঐ ব্যক্তি বাসটিতে চড়ে সখিপুর হয়ে পাবনা যাচ্ছিলেন। পথে তার শরীর খারাপ হওয়ায় বাসের ছাদে বসলে সেখান থেকে পড়ে গিয়ে মারা যান তিনি।








