শিক্ষা

শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

সংগৃহীত

শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বাড়ানো হবে এবং শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জুনায়েদ সাকী। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে। শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে তারা আনন্দের সঙ্গে তাতে অংশ নিতে পারে।

শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে জুনায়েদ সাকী বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকেও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার উন্নয়নে গৃহীত সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় শিক্ষকেরা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণ, মিড ডে মিল চালু, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ঠিক করা, নিয়মিত অভিভাবক সমাবেশ এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করা। এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ এবং দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসের জন্য বরাদ্দের দাবি জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সভাপতিত্বে সভায় উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা অংশ নেন।

বিষয়:প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকী বাঞ্ছারামপুর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া মতবিনিময় সভা মাধ্যমিক শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…