বাংলাদেশ

গোসল করতে নেমে পানিতে ২ শিশুর মৃত্যু

জনসমাগমের মধ্যে শিশুদের জন্য দোয়া ও সমবেদনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বজনদের আহাজারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ২১ জুন দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুর একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের হেল্পার মো. জাকিরের ছেলে রায়হান (৮)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অপরজন ইসলামনগর এলাকার রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১০)।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু দুটি দুপুরের দিকে পুকুরে গোসল করতে নামে। পরে ডুবে গেলে শিক্ষার্থীদের কেউ একজন জাতীয় জুরুরি সেবা ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। পরে ফায়ার সার্ভিস এসে লাশ দুটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কেন্দ্রে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শিশু দুটি ঘটনাস্থলে মারা গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, আমরা বরাবরই শিশুদের পুকুর থেকে সরিয়ে দিয়ে থাকি। আজকেও অনেক শিশুকে পুকুর পাড় থেকে সরানো হয়েছে। কিন্তু ভর্তি পরীক্ষা চলার ফলে কখন যে শিশু দুটি চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে তা বুঝতে পারছি না। এজন্য আমাদের সবার সচেতনতা দরকার।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…