পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম (৪২) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। পাঁচ দিন আগে ইয়াজউদ্দিন আহম্মদ (২৩) নামের আরেক বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা বলেন, রোববার ২৩ জুলাই সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় আবুল হাশিমকে গুলি করে হত্যা করা হয়।
এর আগে ১৮ জুলাই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে মারা যান বাংলাদেশি ইয়াজউদ্দিন আহম্মদ।
স্থানীয় পুলিশ জানায়, কাসা গ্রান্দে শহরের সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভের সানলাইট মার্কেটে একটি মুদি দোকানের মালিক ছিলেন হাশিম। ঘটনার দিন ডাকাতির উদ্দেশ্যে দোকানে ঢুকে তাকে গুলি করে বলে ধারণা করছেন পুলিশ।








