সিএনজি থেকে আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। ভোরে সিএনজিচালিত অটোরিকশায় এসে গুলি ছোড়ার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হলেও কে বা কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
আজ শনিবার ভোরে রাজধানীর মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কে বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের তথ্য অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িটি রাখা ছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় আসা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। সেটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।
ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন। ফলে গুলির লক্ষ্যবস্তু কি তার গাড়ি, নাকি তাকে লক্ষ্য করেই হামলার চেষ্টা করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ, পেশাগত দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আসিফ আকবরও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মো. আবুল বাশার তালুকদার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।






