গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তানে শহিদ মতিউর পার্কের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইউএনবি জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৮টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) জানান, শনিবার সকালে গুলিস্তান শহিদ মতিউর পার্কের সামনের ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সদস্যরা থানায় খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থতাজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন এসআই অভি।
এদিকে, নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট তার আঙুলের ছাপ সংগ্রহ করেছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






